বিনোদন প্রতিবেদক || ছোটপর্দার ব্যস্ততম অভিনয়শিল্পীদের একজন সামিরা খান মাহি। একক ও ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি দুটি মিনি সিরিজ নিয়ে দর্শকদের সামনে আসছেন তিনি। ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’ শিরোনামের সিরিজ দুটিতে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। খুব শিগগির ‘সিনেমাওয়ালা’-এর ইউটিউব চ্যানেলে সিরিজ দুটি মুক্তি পাবে।
‘কর্মফল’ নির্মাণ করেছেন মহিন খান। পারিবারিক গল্পের এই সিরিজে সামিরা খান মাহির সঙ্গে অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার, মনিরা মিঠু প্রমুখ।
অন্যদিকে, ‘মায়ার সংসার’ নির্মাণ করেছেন মোহাম্মদ ওমর ফারুক। চলতি বছরের শুরুতে অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়াকে নিয়ে নির্মিত মিনি সিরিজ ‘চেনা অচেনা’ দর্শকদের প্রশংসা পেয়েছিল। এবার নতুন এই সিরিজে সামিরা খান মাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে। তবে এতে আর কারা অভিনয় করেছেন, সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে নারাজ এই অভিনেত্রী। তিনি জানান, খুব শিগগির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিরিজটির অভিনয়শিল্পীদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এ দুটি সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সামিরা খান মাহি। তিনি বলেন, “সিরিজ দুটি মূলত পারিবারিক গল্প নিয়ে তৈরি। একটি নারীপ্রধান গল্প, অন্যটি ফ্যামিলি ড্রামা। পরিবারের আবেগ, সম্পর্ক ও নানা বাস্তবতা গল্প দুটিতে উঠে এসেছে। গুণী অনেক শিল্পী এখানে অভিনয় করেছেন। আশা করছি, মুক্তির পর দর্শকদের ভালো লাগবে।”
সিরিজ দুটির গল্প ও চরিত্রে ভিন্নতা থাকায় দর্শকদের কাছ থেকেও ভালো সাড়া পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সামিরা খান মাহি। এখন অপেক্ষা ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’ মুক্তির।