বিনোদন ডেস্ক || আবারো মা হলেন ভারতী বাংলা সিনেমার অভিনেত্রী পূজা ব্যানার্জি। শুক্রবার (১৪ আগস্ট) কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। পূজা-কুনাল ভার্মা দম্পতির একটি দ্বিতীয় সন্তান।
পূজা ব্যানার্জি তার ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিও শেয়ার করে ভক্তদের নবজাতক কন্যার একঝলক দেখিয়েছেন। পোস্টটির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন—“আমার ছোট্ট মেয়ের প্রথম ঝলক।” ছোট্ট সোনামণির একঝলক দেখালেও খুব বেশি তথ্য প্রকাশ করেননি এই অভিনেত্রী।
পূজা ও কুনাল তাদের ইউটিউব চ্যানেলেও একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তাদের কন্যার জন্মের বিশেষ মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। নার্স যখন তাদের কন্যাসন্তানের আগমনের খবরটি জানান, তখন পরিবারের সদস্যরা রোমাঞ্চিত ও আনন্দিত হয়ে ওঠে। ভিডিওটিতে তাদের বড় ছেলেকে ছোট বোনের সঙ্গে প্রথম দেখা করার মুহূর্তটিও রেখেছেন।
একসময় হিন্দি টিভি সিরিয়ালে অভিনয় করে আলোচনায় উঠে আসেন অভিনেত্রী পূজা ব্যানার্জি। পরবর্তীতে ভারতীয় বাংলা সিনেমায় পা রেখে প্রশংসা কুড়ান। ২০১৯ সালের পর চলচ্চিত্র থেকে দূরে সরে যান। দুই বছর আগে নিজ অঙ্গনে ফিরেন পূজা। তবে ততটা সরব নন। যদিও কিছু টিভি ও ওয়েব সিরিজে কাজ করেছেন। বাকি সময়টা স্বামী-সন্তানের সঙ্গে কাটান। ফের মা হওয়ার খবর দিলেন এই তারকা।
প্রায় এক দশক সম্পর্কে থাকার পর পূজা ও কুনাল ২০২০ সালে আইনি বিয়ে সারেন। করোনা মহামারির কারণে সেই সময় বড় অনুষ্ঠান বাতিল করে বিয়ের বাজেট সমাজসেবায় দান করেছিলেন। একই বছরের অক্টোবরে পুত্রসন্তানের মা হন পূজা।
অভিনয় ক্যারিয়ারে অনেক হিন্দি টিভি ধারাবাহিকে কাজ করেছেন পূজা। বেশ কিছু হিন্দি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন। পরবর্তীতে নাম লেখান চলচ্চিত্রে। তেলেগু ভাষার ‘ভিড়ু থেড়া’ সিনেমার মাধ্যম চলচ্চিত্রে পা রাখেন তিনি।
এরপর দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’, সোহমের বিপরীতে ‘লাভেরিয়া’, ইন্দ্রনীলের বিপরীতে ‘তিন পাত্তি’সহ অনেক দর্শকপ্রিয় ভারতীয় বাংলা সিনেমা উপহার দিয়েছেন পূজা।
২০১৯ সালে ওয়েব সিরিজে নাম লেখান পূজা ব্যানার্জি। তারপর ‘পাপ’, ‘অনুপমা’, ‘ক্যাবারেট’, ‘জয় মহালক্ষ্মী’-এর মতো ওয়েব সিরিজ উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত ‘থ্রি দেব’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে একটি আইটেম গানে দেখা যাবে তাকে।