নিজস্ব প্রতিবেদক || সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনে জামায়াতের প্রস্তাবের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে এ নিয়ে প্রশ্ন তোলা অবান্তর এবং এতে বিভ্রান্তি তৈরি হতে পারে।
রবিবার (১৬ আগস্ট) নির্বাচন কমিশন সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এটা পরের চ্যাপ্টার। সংসদ যদি বিবেচনা করে সবাই মিলে, এটা হতে পারে। এখন রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই প্রশ্নটা অবান্তর এবং কনফিউশন সৃষ্টি করার মতো।’
তিনি বলেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছেন। এখন আমরা অপেক্ষায় থাকব ২০ তারিখে ভোটের জন্য।”
রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ৭০ অনুচ্ছেদ বড় বাধা জামায়াত জোটের এমন দাবির বিষয়ে গয়েশ্বর বলেন, “বড় বাধা কি বাধা না আমাদের প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে যেখানে বাধা আছে, সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে। এর বাইরে না। রাস্তাঘাটে বলে লাভ নেই।”
দলের মহাসচিব কে হবেন এমন প্রশ্নের জবাবে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, “দলের মহাসচিবকে নিয়ে নির্বাচন কমিশনের চিন্তাভাবনা নয়, ওটা গুলশান অফিসে আমাদের স্থায়ী কমিটির চিন্তাভাবনা।”