নিজস্ব প্রতিবেদক || বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, “গত ১৭ বছরে দেশে গণতন্ত্রের নামে স্বৈরশাসন চলেছে। দীর্ঘদিনের সেই ‘জঞ্জাল’ মুক্ত করতে সময় লাগবে। তাই, জনগণকে ধৈর্য ধরতে হবে।”
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীতে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, “বিগত দিনের আন্দোলন-সংগ্রামে বিএনপির পাশে ছিল কাজী জাফর আহমেদের জাতীয় পার্টি। তিনি ছিলেন অভিজ্ঞ রাজনৈতিক নেতা। বিভিন্ন শ্রমিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। তার কাছ থেকে দেশের রাজনীতিবিদরা অনেক কিছু শিখেছেন।”
তিনি বলেন, “গত ১৭ বছরে প্রশাসনকে ধ্বংস করা হয়েছে। ফলে, সরকারকে এখন বিভিন্ন কাজ করতে বেগ পেতে হচ্ছে। সরকার সংকট সমাধানে চেষ্টা করছে।”
রাষ্ট্র পরিচালনার জন্য ছয় মাস যথেষ্ট সময় কি না, সেটি বিবেচনা করে বিরোধী দলকে আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনা জনগণের পাশে সরকার থাকবে, উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, “রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ছয় মাস কোনোভাবেই যথেষ্ট সময় নয়। বিরোধী দলকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।”
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, “সরকার যেসব কর্মসূচি হাতে নিয়েছে, সেগুলো যথাসময়ে বাস্তবায়ন করা হবে। সরকার নিজস্ব নিয়মে দেশ পরিচালনা করছে।” জনগণের কোনো পরামর্শ থাকলে তা সরকারকে জানানোর আহ্বান জানান তিনি।