বিনোদন প্রতিবেদক || ইসলামের ইতিহাস, ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও জীবনাদর্শ দর্শকদের সামনে তুলে ধরতে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় দুটি ইসলামিক ধারাবাহিক বাংলায় ডাবিং করে প্রচারের উদ্যোগ নিয়েছে এসএ টিভি। ধারাবাহিক দুটি হলো—‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ ও ‘ইউসুফ-জুলেখা’।
রাজধানীর কাকরাইলে গ্র্যান্ড প্যালেস হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধারাবাহিক দুটির বাংলা সংস্করণ সম্প্রচারের ঘোষণা দেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ, মিনিস্টার মাইওয়ান গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ আলী হায়দার, এসএ টিভির উপব্যবস্থাপনা পরিচালক নুর এ আলম রুবেল, পরিচালক শামছুল আলম পান্থ, নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চনসহ সংশ্লিষ্টরা।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনীভিত্তিক ‘ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ ধারাবাহিকটি নিবেদন করছে মিনিস্টার মাইওয়ান গ্রুপ।
অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমেদ বলেন, “একটি দায়িত্বশীল গণমাধ্যমের কাজ শুধু দর্শকদের বিনোদন দেওয়া নয়; বরং জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসমৃদ্ধ অনুষ্ঠান উপহার দেওয়াও আমাদের অন্যতম দায়িত্ব। ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ এবং ‘ইউসুফ-জুলেখা’ সে লক্ষ্যেই আমাদের অনুষ্ঠান তালিকায় গুরুত্বপূর্ণ সংযোজন। আমরা বিশ্বাস করি, এই দুই ধারাবাহিক দর্শকদের কাছে ইতিহাস, আধ্যাত্মিকতা ও মানবিক শিক্ষার এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে।”
খানিকটা ব্যাখ্যা করে তিনি বলেন, “মহাকাব্যিক ইসলামিক গল্পনির্ভর এই ধারাবাহিকগুলো ছোট-বড় সব বয়সি দর্শকের উপযোগী করে উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি কোরআনের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্বও তুলে ধরা হবে।”
পরিবারসহ উপভোগের উপযোগী ঐতিহাসিক প্রেক্ষাপট ও নৈতিক শিক্ষামূলক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ আগামী ১৩ সেপ্টেম্বর থেকে এসএ টিভির পর্দায় প্রচার হবে। সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে দেখা যাবে ধারাবাহিকটি।
অন্যদিকে, আবেগঘন ইরানি গল্পনির্ভর জনপ্রিয় ধারাবাহিক ‘ইউসুফ-জুলেখা’ প্রচার শুরু হবে ৩০ আগস্ট থেকে। দর্শকরা প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টায় এসএ টিভিতে ধারাবাহিকটি উপভোগ করতে পারবেন।