চুয়াডাঙ্গা প্রতিনিধি || চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে মেয়ে জামিয়াকে (৪) প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন নিলুফা (২৯) নামে এক নারী। নিলুফা দর্শনা থানার নজরুল ইসলাম রনির স্ত্রী।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের সূত্রে জানা যায়, ট্রেন স্টেশনে প্রবেশের মুহূর্তে ওই নারী হঠাৎ রেললাইনে ঝাঁপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা প্রায় চার বছর বয়সি শিশু জামিয়া প্লাটফর্মে ছিল।
ঘটনার পর স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রেলওয়ে পুলিশ জানায়, শিশুটি রাতে জিআরপি হেফাজতে ছিল। শনিবার সকালে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতের স্বামী ও তার পরিবারের সদস্যরা জানান পারিবারিক অশান্তির জেরে এবং মানসিক সমস্যার কারণে নিলুফা রাগ করে বাড়ি থেকে বের হয়। পরিবারের সদস্যরা মনে করেছিলেন সে বাবার বাড়ি চলে গেছে। শনিবার সকালে তারা ঘটনার কথা জানতে পেরে রেলওয়ে স্টেশনে ছুটে আসে।
এদিকে রেলওয়ে পুলিশ নিলুফার মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।