নিজস্ব প্রতিবেদক || জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাইয়ের গণহত্যার বিচার করতে না পারা অন্তর্বর্তী সরকারের কালেক্টিভ ফেইলিওর।
রবিবার (২ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আয়োজনে ‘৩৬ জুলাইয়ের অবদান: বিতর্ক ও বাস্তবতার দায় পর্যালোচনা’ শীর্ষক সংলাপে তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, চব্বিশের আন্দোলন-পরবর্তী সময়ে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক অসহযোগিতা বড় বাধা ছিল। তবে এখন জুলাইয়ের কৃতিত্বের বিতর্ক নয়, বরং গণভোটের রায় বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনাকে তাড়াতে গিয়ে হামলা-মামলার শিকার হতে হয়েছিল, এখন নতুন করে এই সরকারের আমলেও হামলার শিকার হতে হচ্ছে।
অনুষ্ঠানে কবি ও চিন্তক ফরহাদ মজহার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বক্তব্য দেন। ফরহাদ মজহার বলেন, জনগণের বিরুদ্ধে সংবিধানকে অস্ত্র বানিয়ে সেনাপ্রধান, রাষ্ট্রপতি একটি শক্তিশালী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে দেয়নি।
জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন ফ্যাসিবাদের পতন হলেও, প্রত্যাশা পূরণে সমন্বয়ের অভাব ও নানা সীমাবদ্ধতা রয়ে গেছে বলে মন্তব্য করেন মজিবুর রহমান মঞ্জু।