1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনে রবিবার কটিয়াদী যাচ্ছেন প্রধানমন্ত্রী - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনে রবিবার কটিয়াদী যাচ্ছেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি || জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করতে আগামী রবিবার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদীতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি তিনি জেলা সদর ও পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। তার এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে তিনি কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন এবং কিশোরগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইতোমধ্যে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা শহর, কটিয়াদী ও পাকুন্দিয়ার রাস্তাঘাট এবং বিভিন্ন স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে সার্কিট হাউস।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, “প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।” তিনি আশা করছেন, এ সফরের মাধ্যমে কিশোরগঞ্জের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা পূরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

প্রধানমন্ত্রীর কর্মসূচি:
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সড়কপথে কিশোরগঞ্জে যাবেন। বেলা সাড়ে ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন। একই স্থানে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

এরপর বেলা সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তারেক রহমান। দুপুর ১টার দিকে কটিয়াদীর আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

বেলা আড়াইটায় কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৪টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করার কথা রয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, কিশোরগঞ্জ সফরকালে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে মৎস্যসম্পদ উন্নয়নে বিশেষ অবদান রাখা সারা দেশের ১৪ জন উদ্যোক্তাকে রাষ্ট্রীয়ভাবে স্বর্ণপদক দেওয়া হবে। এ ছাড়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড ও ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান কার্যক্রমের পাশাপাশি সারা দেশের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পাইলট কার্যক্রমেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর সফরে কিশোরগঞ্জের সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষা ও মৎস্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

তারা জানান, জাতীয় মৎস্য পক্ষের মতো বড় আয়োজন সাধারণত রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হয়ে থাকে। তবে, এবারই প্রথম রাজধানীর বাইরে এ আয়োজন হচ্ছে। বৃহত্তর ময়মনসিংহে দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ৪০ শতাংশ হয়ে থাকে। এ অঞ্চলের সম্ভাবনা, উদ্যোক্তা ও খামারিদের সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরতেই প্রধানমন্ত্রীর আগ্রহে এবারের মূল আয়োজন কটিয়াদীতে করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT