1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
নৌপরিবহন মন্ত্রণালয়ে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে শেখ রবিউল আলম।

নিজস্ব প্রতিবেদক || আগামী ৩০ আগস্ট চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ডেনমার্কের সহযোগিতায় নির্মিতব্য এ টার্মিনালটি আধুনিক, পরিবেশবান্ধব ও সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর ‘গ্রিন টার্মিনাল’ হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “লালদিয়া টার্মিনালে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। টার্মিনালের ক্রেনগুলো অফিস থেকে দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে পরিচালিত হবে, যা পরিচালন দক্ষতা ও নিরাপত্তা বাড়াবে। পাশাপাশি প্রকল্পে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে, যা বন্দর খাতে অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।”

তিনি বলেন, “আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন এই টার্মিনাল নির্মাণের ফলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরো বাড়বে। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং জাতীয় অর্থনীতিকে আরো শক্তিশালী করতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বৈঠকে ডেনমার্কের আর্থ-সামাজিক উন্নয়ন ও প্রযুক্তিগত উৎকর্ষতার প্রশংসা করে মন্ত্রী বাংলাদেশের বন্দর অবকাঠামোর উন্নয়ন ও আধুনিকায়নে ডেনমার্ক সরকার ও দেশটির বিনিয়োগকারীদের সহযোগিতা কামনা করেন।

শেখ রবিউল আলম বলেন, “বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ রয়েছে। বন্দর ও নৌপরিবহন খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের সরকার সর্বোচ্চ সহযোগিতা দেবে।”

তিনি বলেন, “দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে সামঞ্জস্য রেখে বন্দর অবকাঠামোকে আরো আধুনিক, দক্ষ ও সক্ষম করে গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।”

বৈঠকে এপিএম টার্মিনালের প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে বন্দর ও টার্মিনাল অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

তারা লালদিয়া কনটেইনার টার্মিনালসহ দেশের বন্দর খাতে আধুনিক প্রযুক্তি, ব্যবস্থাপনা দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এপিএম টার্মিনালসের সিইও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT