বিশেষ প্রতিবেদক || এক বিভাগীয় কমিশনার ও তিন জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বদলী হওয়া কর্মকর্তারা হলেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ও রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে নিজ নিজ পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তবে কেন তাদের প্রত্যাহার করা হয়েছে, প্রজ্ঞাপনে সেই বিষয়ে কিছু বলা হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহী বিভাগে নতুন বিভাগীয় কমিশনার এবং তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি।