নিজস্ব প্রতিবেদক || সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে অবৈধ অভিবাসন ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে শিক্ষা কূটনীতি চালুর প্রস্তাব দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
একই সঙ্গে বিদেশে কর্মরত নারী শ্রমিকদের নিরাপত্তা ও জরুরি সহায়তা নিশ্চিত করতে বিশেষ হটলাইন চালুর বিষয়েও মত দিয়েছে কমিটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ দুটি উদ্যোগের বিষয়ে ইতিবাচক সম্মতি জানানো হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব প্রস্তাব উঠে আসে। কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, দায়িত্ব ও কার্যপরিধি এবং চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়। পাশাপাশি গত ছয় মাসের কার্যক্রম ও অর্জন পর্যালোচনা এবং আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরো কার্যকর, সমন্বিত ও ফলপ্রসূ করতে কমিটির সদস্যরা বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।
বৈঠকে সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবৈধ অভিবাসনের প্রবণতা মোকাবিলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য বিষয়টি পরবর্তী বৈঠকের এজেন্ডায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরসহ পররাষ্ট্রনীতির বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের অর্জন এবং সক্রিয় অংশগ্রহণকে আন্তর্জাতিক অঙ্গনে সরকারের প্রতি আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানায় কমিটি। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মো. আমানউল্লাহ আমান, হুমাম কাদের চৌধুরী, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও আতিকুর রহমান মোজাহিদ অংশ নেন।
কমিটির সভাপতির আমন্ত্রণে বিশেষ আমন্ত্রিত হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৈঠকে অংশ নেন। নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে আমন্ত্রণ জানানো হলেও পূর্বনির্ধারিত বিদেশ সফরে থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।