1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সংসদ উপনেতার পদ ঘিরে চলছে আলোচনা - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সংসদ উপনেতার পদ ঘিরে চলছে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
ক্ষমতাসীন দলের প্রথম সারিরর আসনবিন্যাসে সংসদ নেতা তারেক রহমানের পাশের আসনে বসানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে

নিজস্ব প্রতিবেদক || রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদ সদস্যপদ ছাড়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দলের প্রথম সারিরর আসনবিন্যাসে পরিবর্তন এসেছে। নতুন বিন্যাসে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের পাশের আসনে বসানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে। এরপর থেকে তাকে জাতীয় সংসদের উপনেতা করা হচ্ছে কিনা, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।

গত ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে নতুন আসনবিন্যাসে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের পাশের আসনে সালাহউদ্দিন আহমদকে দেখা যায়। এতদিন ওই আসনে বসতেন সদ্য রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সালাহউদ্দিন আহমদকে সংসদের উপনেতা করার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ পদগুলোর তালিকাতেও বর্তমানে উপনেতার নাম নেই। সংসদ নেতা হিসেবে তারেক রহমানের নাম রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, “সময় মতো জানতে পারবেন।”

জাতীয় সংসদের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সালাহউদ্দিন আহমদকে সংসদ নেতার পাশের আসনে বসানো হয়েছে সংসদ নেতার অভিপ্রায় অনুযায়ী। তিনি প্রধানমন্ত্রীর পক্ষে সবসময় বক্তব্য রাখেন গোছানো ভাবে। প্রধানমন্ত্রী তাকে খুব পছন্দ করেন। তার উপনেতা হওয়ার সম্ভাবনা বেশি। ”

জানা গেছে, সংসদের প্রথম সারিতে সংসদ নেতার পাশের আসনটি কোনো সাংবিধানিক পদ নির্দেশ করে না। তবে, রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ নেতাদের আসনবিন্যাসকে দল ও সংসদে তাদের অবস্থানের একটি দৃশ্যমান প্রতিফলন হিসেবে দেখা হয়। এ কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে যাওয়া আসনে সালাহউদ্দিন আহমদকে বসানো নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

এটি কি কেবল নিয়মিত আসন পুনর্বিন্যাস, নাকি সংসদে সালাহউদ্দিন আহমদকে আরো গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দেওয়া।। এর সঙ্গে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সংসদের উপনেতা পদটি।

শুধু আসনবিন্যাসের ওপর ভিত্তি করে কাউকে উপনেতা হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই। উপনেতা নিয়োগ একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত।

মির্জা ফখরুলের আসনে সালাহউদ্দিন
আগের আসনবিন্যাসে ট্রেজারি বেঞ্চের প্রথম সারিতে সংসদ নেতা তারেক রহমানের পরের আসনে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পরের আসনে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চতুর্থ আসনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। একই সঙ্গে তার সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য ঘোষণা করা হয়। এরপর নতুন আসনবিন্যাসে মির্জা ফখরুলের আসনে উঠে আসেন সালাহউদ্দিন আহমদ। তার পরের আসনে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপরের আসনে বসছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন।

সালাহউদ্দিন আহমদের আগের আসনটি এখন পেয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। একই সঙ্গে ট্রেজারি বেঞ্চের প্রথম সারির আসনবিন্যাসে পরিবর্তন এসেছে অন্য নেতাদের ক্ষেত্রেও। বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য আমানউল্লাহ আমান পেছনের সারি থেকে প্রথম সারিতে এসেছেন।

উপনেতার দায়িত্ব কী
সংসদের উপনেতা পদটি সংসদীয় কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ পদ। তবে এই পদকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর সাংবিধানিক বা নির্বাহী দায়িত্ব পালনের সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ নেই।

সংবিধান অনুযায়ী, প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর মাধ্যমে বা তার কর্তৃত্বে প্রয়োগ করা হয়। প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়া কিংবা তার দায়িত্ব পালনের বিষয়ও সংবিধানে পৃথকভাবে নির্ধারিত রয়েছে।

সংসদীয় ব্যবস্থায় উপনেতার মূল ভূমিকা সংসদ নেতা ও সংসদীয় দলের কার্যক্রমে সহযোগিতা করা। সংসদে সরকারের আইন প্রণয়ন কর্মসূচি, বিভিন্ন বিল ও প্রস্তাব নিয়ে আলোচনা, বিতর্ক এবং দলীয় সংসদ সদস্যদের মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে উপনেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। ফলে সালাহউদ্দিন আহমদকে ভবিষ্যতে উপনেতা করা হলে তার দায়িত্ব হবে মূলত সংসদীয় পরিসরে সংসদ নেতাকে সহায়তা করা। এটি প্রধানমন্ত্রীর নির্বাহী দায়িত্বের বিকল্প নয়।

কেন সালাহউদ্দিনকে ঘিরে আলোচনা
সালাহউদ্দিন আহমদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার পাশাপাশি দলের নীতিনির্ধারণী পর্যায়েও তার অবস্থান গুরুত্বপূর্ণ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপির মহাসচিবের পদটিও শূন্য হয়েছে। দলের পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। বিভিন্ন সময়ে সম্ভাব্য মহাসচিব হিসেবে সালাহউদ্দিন আহমদের নামও আলোচনায় এসেছে।

এ অবস্থায় সংসদ নেতা তারেক রহমানের পাশের আসনে সালাহউদ্দিন আহমদকে বসানোয় তার ভবিষ্যৎ রাজনৈতিক ও সংসদীয় ভূমিকা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

তবে, দলীয় পর্যায়ে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও এ বিষয়ে কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন।

তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। সংসদ উপনেতা কে হবেন, সেটি প্রধানমন্ত্রী ও সংসদ নেতার এখতিয়ার।”

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “এখানে সংসদ নেতার অভিপ্রায় অনুযায়ী আসন বিন্যাস হয়েছে। এটিই নিয়ম।”

অতীতেও সব সময় উপনেতা নিয়োগ হয়নি
সংসদ উপনেতার পদটি সব সময় পূরণ করা হয়েছে এমন নজির নেই। বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ও এ পদে নিয়োগের ক্ষেত্রে ভিন্নতা দেখা গেছে।

২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সংসদ উপনেতার দায়িত্ব পালন করেন। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে পদটি শূন্য হয়। পরবর্তী সময়ে বিএনপি সরকারের মেয়াদে ওই পদে নতুন করে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ফলে এবারও সংসদ উপনেতার পদটি পূরণ করা হবে কি না, সেটিও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদে বিরোধী দলের কার্যক্রম মোকাবিলা, সরকারি দলের সংসদ সদস্যদের মধ্যে সমন্বয়, আইন প্রণয়ন, কর্মসূচি বাস্তবায়ন এবং সংসদীয় কৌশল নির্ধারণে একজন অভিজ্ঞ উপনেতার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মহল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তাঁর ছেড়ে যাওয়া আসনে নতুন করে আসনবিন্যাস করা হয়েছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে বসানো হয়েছে। এটিই এখন পর্যন্ত নিশ্চিত তথ্য। এর বাইরে তাকে সংসদের উপনেতা করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেই। ফলে বর্তমান আসনবিন্যাসকে উপনেতা নিয়োগের চূড়ান্ত ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই।

তবে, সংসদ নেতা তারেক রহমানের পাশের আসনে সালাহউদ্দিন আহমদের অবস্থান তার সংসদীয় গুরুত্বের বিষয়টি সামনে এনেছে। চিফ হুইপ মো. নূরুল ইসলামের ‘সময় মতো জানতে পারবেন’ মন্তব্যও বিষয়টি নিয়ে আরও আগ্রহ তৈরি করেছে।

জাতীয় সংসদের একজন কর্মকর্তাও নাম প্রকাশ না করার শর্তে জানান, আসনবিন্যাস সংসদ নেতার অভিপ্রায় অনুযায়ী হয়েছে। তবে এর সঙ্গে উপনেতা নিয়োগের সিদ্ধান্ত সরাসরি সম্পর্কিত কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। ফলে সালাহউদ্দিন আহমদ সংসদের উপনেতা হচ্ছেন কি না এই প্রশ্নের উত্তর আপাতত অনিশ্চিত। তবে তাঁর নতুন আসন, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব এবং দলের নীতিনির্ধারণী পর্যায়ে অবস্থানের কারণে বিষয়টি রাজনৈতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে।

তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত হলে সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আর তখনই স্পষ্ট হবে, মির্জা ফখরুলের ছেড়ে যাওয়া গুরুত্বপূর্ণ আসনে সালাহউদ্দিন আহমদের বসা ছিল কেবল আসন পুনর্বিন্যাসের অংশ, নাকি এর পেছনে সংসদীয় নেতৃত্বে তাকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকায় আনার পরিকল্পনার অংশগ্রহণ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT