সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়ার প্রায় দুই বছর পর দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১২ আগস্ট) সকালে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী (৪৯) এবং নওয়াবেঁকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৩৮)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকায় অভিযান চালিয়ে মোজাম গাজীকে এবং রাত সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকা থেকে রফিকুল ইসলাম গাজীকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই সাতক্ষীরা কারাগারের হাজতি।
সাতক্ষীরা জেলা কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা কারাগারে হামলা ও ভাঙচুরের পর ৮৭ বন্দি পালিয়ে যান। তাদের বিরুদ্ধে ওই বছরের ১৫ আগস্ট মামলা করা হয়। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৪৬ জন গ্রেপ্তার হন। দীর্ঘদিন ৪১ জন পলাতক ছিলেন। তাদের মধ্যে সর্বশেষ এই দুজনকে গ্রেপ্তার করা হলো।
ফলে কারাগার থেকে পালানো ৮৭ বন্দির মধ্যে এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বাকি ৩৯ জন এখনো পলাতক রয়েছেন।
শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, “মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় এক বছরের সাজা ভোগ করছিলেন। আর রফিকুল ইসলাম গাজীর চেক ডিজঅনারের অপর একটি মামলায় ১০ মাসের কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানা হয়েছিল।”
তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর হয়। সে সময় কারাগার থেকে পালিয়ে যান মোজাম ও রফিকুলসহ বেশ কয়েকজন বন্দী। পরে তারা শ্যামনগরের নিজ নিজ গ্রামে ফিরে আত্মগোপনে ছিলেন। তাদের আজ বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে।