দিনাজপুর প্রতিনিধি || দিনাজপুরের বিরল উপজেলায় বিবাহবিচ্ছেদের জেরে সাবেক স্ত্রীকে শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর রহমানকে (৫১) গ্রেপ্তার করেছে বিরল থানা পুলিশ।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের সুতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।
অভিযুক্ত মাহবুবুর রহমান রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমান ও সুমাইয়া আক্তার শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়। এরপর শনিবার (১ আগস্ট) রাতে মাহবুবুর রহমান জোর করে শ্যামলীর বাবার বাড়িতে ঢোকে। একপর্যায়ে তিনি শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন।
আগুনে গুরুতর দগ্ধ হয়ে শ্যামলী চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। এ সময় অভিযুক্ত মাহবুবুর রহমান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর দগ্ধ শ্যামলীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শ্যামলীর নানী মোমিনা বলেন, ‘‘প্রথমে ছুরি দিয়ে আমার নাতনিকে মারার চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হয়ে পরে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।’’ তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চান।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-ইমরান বলেন, হামলাকারী একজন। তাকে আটক করা হয়েছে। নিহতের বড় ভাই থানায় এসে মামলা করেছেন। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।