নিজস্ব প্রতিবেদক || দলীয় পরিচয়ের কারণে অনেক জুলাই যোদ্ধাকে অন্তর্বর্তী সরকার গেজেটভুক্ত করেনি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, ‘‘আমরা তাদের গেজেটভুক্ত করার জন্য কাজ করছি।’’
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করেনি। ফলে বিএনপি সরকার আসার পর এই অধিদপ্তর গঠন করতে বেগ পেতে হচ্ছে।’’
তিনি বলেন, ‘‘এমন অনেক তথ্য আমাদের কাছে আছে, যা প্রকাশ করলে তারা মুখ লুকানোর জায়গা পাবে না।’’
ইশরাক হোসেন বলেন, ‘‘জুলাই শহীদদের কবর পাকা করতে দুই লাখ টাকা করে বরাদ্দ করেছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু আমি গিয়ে দেখি কবরের চিহ্নও নেই। তারা কবরের টাকা মেরে খেয়েছে।’’
প্রতিমন্ত্রী ইশরাক বলেন, ‘‘একমাত্র বিএনপির গণহত্যা বা দেশের বিরুদ্ধে অবস্থানের ইতিহাস নেই। বিরোধী দলের ইতিহাস কলঙ্কিত বলেই তারা মুছে ফেলতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ তা কখনো ভুলবে না।’’