1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ডিএসইতে পুনর্বহালের দাবি - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ডিএসইতে পুনর্বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তাদের পদে পুনর্বহালের দাবি জানিয়েছেন। একইসঙ্গে অন্যায়ভাবে চাকরিচ্যুতির ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।

রবিবার (২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ডিএসইর পুরাতন ভবনের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালনকালে এই দাবি জানান।

মানববন্ধনে ডিএসইর চাকরিচ্যুত উপমহাব্যবস্থাপক হোসনে আরা পারভীন বলেন, আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছি। আমার হাত দিয়েই ডিএসইর অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীর নিয়োগপত্র দেওয়া হয়েছে। বর্তমানে চাকরিতে কর্মরত থাকা অবস্থায় হঠাৎ করেই আমাকে চাকরিচ্যুতির চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পরিচালনা পর্ষদের সঙ্গে কথা বললে তারা এটিকে ব্যবস্থাপনার সিদ্ধান্ত বলে জানান। আবার ব্যবস্থাপনার সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, এটি পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে যোগাযোগ করলে তারা এটিকে ডিএসইর অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেন। এখন আমরা কোথায় যাব?

ডিএসইর আরেক উপমহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক বলেন, চাকরিতে বহাল থাকা অবস্থায় হঠাৎ করেই আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। একইসঙ্গে দাপ্তরিক নেটওয়ার্ক থেকেও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তবে কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা আমাদের জানানো হয়নি।

তিনি বলেন, চাকরি বহালের দাবিতে আবেদন করলেও কর্তৃপক্ষ শুধু জানিয়েছে, তা সম্ভব নয়। আমি ৩০ বছর ধরে এখানে কর্মরত। এর আগে এমন ঘটনা কখনও দেখিনি বা শুনিনি।

মানববন্ধনে ডিএসইর উপমহাব্যবস্থাপক আব্দুল লতিফ জানান, সহকর্মীদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী, অর্থসচিব এবং বিএসইসির কাছে আবেদন করা হয়েছে।

তিনি দাবি করেন, এখন পর্যন্ত ১৭ জনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং আরও ১৪০ জনের একটি তালিকা করা হয়েছে। ধাপে ধাপে ওই ১৪০ জনকেও চাকরিচ্যুত করার আশঙ্কা রয়েছে।

তিনি অভিযোগ করেন, বিদ্যমান কর্মকর্তাদের বাদ দিয়ে পছন্দের লোকজনকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যেই এ প্রক্রিয়া চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT