গাজীপুর প্রতিনিধি || গাজীপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ২ আগস্ট ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে বাদী চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে দাবি করেছেন। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
অভিযুক্ত শাহ আলম খলিফা (৫০) সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে শাহ আলম খলিফা ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এ বিষয়ে সতর্ক করা হলে ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেন তিনি।
গত ৩১ জুলাই বিকেলে ভুক্তভোগী তার নামে থাকা জমিতে বাড়ি নির্মাণের প্রস্তুতির অংশ হিসেবে আমিনকে নিয়ে জমি পরিমাপ করতে যান। এ সময় শাহ আলম খলিফা ৫ থেকে ৬ জন অজ্ঞাতপরিচয় সহযোগীকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে জমি পরিমাপের কাজে বাধা দেন। একপর্যায়ে তার সহযোগীরা ভুক্তভোগীকে মারধর করে আহত করেন।
হামলার সময় ভুক্তভোগীর ব্যবহৃত একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে ফোনটি ফেরত চাইতে গেলে তাকে পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
অভিযোগের বিষয়ে জানতে শাহ আলম খলিফার মোবাইলে ব্যবহৃত নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
জয়দেবপুর থানার ওসি আল মামুন বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।