খেলাধুলা ডেস্ক || দীর্ঘ আলোচনার পর অবশেষে ইয়ান দিয়োমান্দেকে দলে ভেড়ানোর পথে বড় অগ্রগতি করেছে রিয়াল মাদ্রিদ। ব্রিটিশ সংবাদমাধ্যম গ্রাডিয়ানের খবর, আরবি লাইপজিগের সঙ্গে ১৯ বছর বয়সী আইভরিয়ান দিয়োমান্দেকে নিয়ে সমঝোতায় পৌঁছেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল।
গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, চুক্তিটির প্রাথমিক মূল্য ১২৫ মিলিয়ন ইউরো, আর বিভিন্ন পারফরম্যান্স-ভিত্তিক শর্ত পূরণ হলে আরও ১৫ মিলিয়ন ইউরো যোগ হবে। সব মিলিয়ে দলবদলের অঙ্ক দাঁড়াতে পারে ১৪০ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৯৪০ কোটি টাকা। তার সাবেক ক্লাব লেগানেসও পূর্বের চুক্তি অনুযায়ী এই ট্রান্সফার ফি থেকে একটি অংশ পাবে।
এই অঙ্কে চুক্তি সম্পন্ন হলে জুড বেলিংহ্যামকে ছাড়িয়ে রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার হয়ে যাবেন দিয়োমান্দে। চুক্তি চূড়ান্ত হওয়ার পর মেডিকেল পরীক্ষার জন্য মাদ্রিদে যাওয়ার অনুমতিও পেয়েছেন এই তরুণ উইঙ্গার। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই লাইপজিগ জানিয়েছিল, অনুশীলনে ফিরেছেন তাদের এই উদীয়মান তারকা।
গত মৌসুমে লাইপজিগের হয়ে ৩৬ ম্যাচে ১৩ গোল ও ৯ অ্যাসিস্ট করেছিলেন দিয়োমান্দে। এরপর আইভরি কোস্টের হয়ে বিশ্বকাপেও চারটি ম্যাচেই শুরুর একাদশে খেলেন এবং একটি অ্যাসিস্ট করেন।

দুই মৌসুম ধরে বড় কোনো শিরোপা জিততে না পারা রিয়াল মাদ্রিদ নতুন কোচ জোসে মরিনিয়োর অধীনে দলকে নতুনভাবে সাজাতে চাইছে। বিশেষ করে ডান প্রান্তের আক্রমণে দীর্ঘদিনের সমস্যার সমাধান হিসেবেই দেখা হচ্ছে দিয়োমান্দেকে।
যদিও এখনও বড় লিগে নিজেকে মেলে ধরতে না পারা দিয়োমান্দের জন্য রেকর্ড অঙ্কের অর্থ খরচ করাকে বড় ঝুঁকি বলেই মনে করছেন অনেকে। দিয়োমান্দির গতি, ড্রিবলিং দক্ষতা, এক-অন-ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য এবং পরিশ্রমী মানসিকতার জন্যই মূলত বড় দল্গুলো তাঁকে পেতে আগ্রহী। তবে এই আইভোরিয়ান উইঙ্গারকে দলে ভেড়াতে রিয়াল ছাড়াও লিভারপুল ও পিএসজির মতো ক্লাবগুলোও লেগে আছে। শেষ পর্যন্ত হয়ত ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়ানরাই জিততে যাচ্ছে এই রেস।