নিজস্ব প্রতিবেদক || সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন। এ কারণে স্বামীকে শেষ বিদায় জানাতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হবে বলে তার আইনজীবী জানিয়েছেন।
আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার পর দায়ের হওয়া একাধিক মামলায় কারাবন্দি হয়ে ডা. দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। স্বামীর জানাজা ও দাফনে শেষবারের মতো অংশ নেওয়ার উদ্দেশ্যে বুধবার (১৯ আগস্ট) সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে তার সাময়িক (প্যারোল) মুক্তির আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর একটি চিকিৎসাধীন অবস্থায় তৌফিক নেওয়াজ শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতাসহ নানা শারীরিক রোগে ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।