চট্টগ্রাম প্রতিনিধি || চট্টগ্রামের ফটিকছড়িতে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের পর অস্ত্রসহ মোবারক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) ভোরের দিকে উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মোবারক এলাকায় চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত। তাকে ‘গলাকাটা মোবারক’ নামেও ডাকা হয়।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে কাঞ্চননগর এলাকায় অভিযান পরিচালনা করে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা ব্যবস্থা নেয়। একপর্যায়ে মোবারককে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয় পুলিশ।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, “মোবারক নামের একজনকে আটক করা হয়েছে। পুলিশের অভিযানের সময় সেখানে আরো কয়েকজন সন্ত্রাসী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”