কুড়িগ্রাম প্রতিনিধি || কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার একটি ধান ক্ষেত থেকে মানুষের শরীর থেকে খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকা থেকে পা’টি উদ্ধার হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে কয়েকজন পথচারী সড়কের পাশে ধানের জমিতে একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত পা’টি উদ্ধার করে। তারা জানান, খণ্ডিত পায়ের পাশে রক্তাক্ত একটি পলিথিন পড়ে ছিল। তাদের ধারণা, কেউ সড়ক থেকে পা’টি ধানের জমিতে ফেলে দিয়েছেন।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ এবং কিভাবে সেখানে এসেছে তা এখনো জানা যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে।”