রংপুর প্রতিনিধি || হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রংপুর নগরীর নব্বীগঞ্জ এলাকায় অপুর মুন্সী হিমাগারের সামনে মহাসড়কে আলু ফেলে এই কর্মসূচি পালন করা হয়। এতে রংপুরসহ আশপাশের এলাকার শতাধিক কৃষক ও ব্যবসায়ীরা অংশ নেন।
আন্দোলনকারীদের অভিযোগ, গত দুই বছর ধরে আলুর ন্যায্য দাম না পাওয়ায় চাষি ও ব্যবসায়ীরা লোকসানে রয়েছেন। এর মধ্যে রংপুরের হিমাগার মালিকরা সিন্ডিকেট করে কেজিপ্রতি সাড়ে ৭ টাকা ভাড়া নির্ধারণ করেছেন। অথচ দেশের বিভিন্ন অঞ্চলে কৃষি বিপণন অধিদপ্তরের সমন্বয়ে হিমাগার ভাড়া কেজিপ্রতি ৫ টাকার মধ্যে রাখা হয়েছে বলে দাবি তাদের।
চাষি-ব্যবসায়ীরা বলেন, অন্যান্য অঞ্চলের তুলনায় রংপুরে কেজিপ্রতি দুই থেকে তিন টাকা বেশি ভাড়া নির্ধারণ করা হয়েছে। এতে আলু সংরক্ষণ ও বাজারজাত করতে গিয়ে তাদের লোকসানের পরিমাণ বেড়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে কৃষি বিপণন অধিদপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দফায় দফায় অভিযোগ করেও কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। তারা অবিলম্বে হিমাগার ভাড়া কমিয়ে কেজিপ্রতি ৫ থেকে সাড়ে ৫ টাকার মধ্যে নির্ধারণের দাবি জানান।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে সরকার ও হিমাগার মালিকরা ভাড়া কেজিপ্রতি সাড়ে ৫ টাকার মধ্যে নির্ধারণ না করলে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
কর্মসূচিতে রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায়ী হিমাগার ভাড়া কমানো আন্দোলন কমিটির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, সদস্য রাসেল, নুরু মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।