ফরিদপুর প্রতিনিধি || ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের শাহাদাত সর্দারের ছেলে কাউছার আহমেদ রাতুল (১৭) ও নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের কাওছার মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রাতুল ও রাজু মোটরসাইকেলে ভাঙ্গা গোলচত্বর থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকলে ধাক্কা দেয়। এতে দুই আরোহী মহাসড়কে ছিটকে পড়ে আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার এবং নিহতদের মরদেহ নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।