সিলেট প্রতিনিধি || সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৬-এর জেলাভিত্তিক ফলাফল প্রকাশ করেছে বোর্ড কর্তৃপক্ষ। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এবারের পরীক্ষায় সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৩৩ শতাংশ। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার বোর্ডের অধীন এই চার জেলা থেকে মোট ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, যাদের মধ্যে কৃতকার্য হয়েছেন ৫১ হাজার ৯৫৭ জন। যেখানে পরীক্ষার্থীদের প্রায় ৪২ শতাংশ কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেননি।
সোমবার (১০ আগস্ট) সকালে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন এ ফল ঘোষণা করেন।
পরিসংখ্যানে বিভাগের চার জেলার প্রতিটিতেই ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি। সামগ্রিকভাবে ছেলেদের পাসের হার যেখানে ৫৬.১২ শতাংশ, সেখানে মেয়েদের পাসের হার ৫৯.৭৮ শতাংশ অর্থাৎ ব্যবধান প্রায় সাড়ে তিন শতাংশ পয়েন্টের। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও একই চিত্র। মোট তিন হাজার ৮৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যার মধ্যে এক হাজার ৭৪৫ জন ছেলে এবং দুই হাজার ৯১ জন মেয়ে।
জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার সিলেট জেলায়, ৬২.৮৮ শতাংশ। এই জেলা থেকে মোট ৩৫ হাজার ২৪০ জন পরীক্ষায় অংশ নেন, যাদের মধ্যে পাস করেছেন ২২ হাজার ১৬০ জন। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাতেও সিলেট জেলা শীর্ষে- দুই হাজার ২৩ জন, যা বোর্ডের মোট জিপিএ-৫ প্রাপ্তদের অর্ধেকেরও বেশি।
মৌলভীবাজারে ১৯ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১১ হাজার ১০৩ জন, পাসের হার ৫৫.৯২ শতাংশ। এই জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৭২৫ জন শিক্ষার্থী।
সুনামগঞ্জে ১৮ হাজার ২৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন নয় হাজার ৯৯৯ জন, পাসের হার ৫৪.৬৭ শতাংশ। এই জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৪১৩ জন শিক্ষার্থী।
সবচেয়ে কম পাসের হার হবিগঞ্জে, ৫৫.৪০ শতাংশ। এই জেলায় মোট ১৫ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন আট হাজার ৬৯৫ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৬৭৫ জন, যা চার জেলার মধ্যে সর্বনিম্ন।