গাইবান্ধা প্রতিনিধি || কারো নাম উল্লেখ না করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আপা যে পথে হেঁটেছেন, এখন আপনারাও সেই পথে হাঁটছেন। অত্যাচারীর এই পথ পালাবার পথ, এই পথে হাটলে মক্কায় যেতে পারবেন না, দিল্লিতে যেতে হবে।”
সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। শিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যাকারীদের বিচার ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
জামায়াতে আমির বলেন, “ফ্যাসিবাদ কোন দলের সঙ্গে থাকে না। ফ্যাসিবাদ একটা ভাইরাস। এক ফ্যাসিবাদকে তাড়ালে হবে না, জনগণ আর ফ্যাসিবাদ চায় না। কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে প্রশ্রয় দেওয়া হবে না। আপনারা তৈরি হন, যেভাবে ২৪ সালে রাস্তায় নেমে এসেছিলেন। হয় তো আবারো রাস্তায় নামতে হবে। জাতীর জন্য একবার নয়, শতবার নামব ইনশাআল্লাহ।”
তিনি বলেন, “আমরা দুর্বল নই, যারা জনগণের কাছ থেকে চাঁদা নেয় তারা দুর্বল। সরকার প্রশাসনকে দলীয়করণ করেছে। তারা স্কুল-কলেজ মাদ্রাসায় পরিচালনা কমিটির সভাপতি পদে দলীয় লোক বসিয়েছে। কারণ ওই সব প্রতিষ্ঠানে নিয়োগ আছে, চুসলে মধু পাওয়া যায়। সব জায়গায় চুরি চামাড়ি চলছে।”
দুই শিবির নেতা হত্যার বিচার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “প্রশাসনকে স্পষ্ট বলেতে চাই, আসামিদের নজরদাড়িতে রেখেছেন কিন্তু মূল আসামি পলাশকে ধরছেন না কেন। আপনাদের দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন কোন দলের নয়, প্রশাসন গোটা জাতীর সম্পদ।”
সমাবেশে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন এবং দলটির বগুড়া জেলা আমির মো. আব্দুল হক।