রাঙামাটি প্রতিনিধি || টেকসই উন্নয়ন গ্রাম (এসডিসি ভিলেজ) হিসেবে যাত্রা শুরু করল রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি।
সোমবার (১০ আগস্ট) ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাঙামাটি প্রান্তে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. নূয়েন খীসাসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গ্রামবাসী।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, বাংলাদেশ যেভাবে এমডিজি সফলভাবে শেষ করেছে। এখন এসডিজি নিয়ে কাজ করছে। আশা করছি এখানেও আমরা সফল হব।
এর আগে প্রধানমন্ত্রী মিতিঙ্গাছড়ি গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় গ্রামবাসী তাদের সমস্যা তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রীকে মিতিঙ্গাছড়ি আসার আমন্ত্রণ জানান।
প্রকল্প সমন্বয়ক মো. মঞ্জুরুল হক জানান, মিতিঙ্গাছড়ির স্থানীয় প্রতিটি সমস্যা চিহ্নিত করে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় আনা হচ্ছে। সরকারের সব ধরনের আধুনিক সুবিধা নিশ্চিত করে এটিকে আদর্শ ‘এসডিজি ভিলেজ’ হিসেবে গড়ে তোলা হবে, যা পরবর্তীতে সারা দেশের গ্রামগুলোর জন্য টেকসই উন্নয়নের অনুকরণীয় মডেল হিসেবে কাজ করবে।
পাইলট প্রকল্পের আওতায় বাংলাদেশের ৩টি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। যার মধ্যে রাঙামাটি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিতিঙ্গাছড়ি, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম রয়েছে।
এসডিজি ভিলেজ বা টেকসই উন্নয়ন গ্রাম হলো এমন আদর্শ বা প্রদর্শনীমূলক গ্রাম, যেখানে জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বা গ্লোবাল গোলগুলোর বাস্তব প্রয়োগ ঘটানো হয়।