নিজস্ব প্রতিবেদক || পরিবারের নারী প্রধানদের লক্ষ্য করে চালু করা ‘ফ্যামিলি কার্ড’ হতদরিদ্র, দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ফেইম আয়োজিত নারীদের অর্থনৈতিক ক্ষমতাবিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন,“স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে নারীর ক্ষমতায়নের কথা বলা হলেও এর যথাযথ বাস্তবায়ন হয়নি। তবে গত পাঁচ দশকে শিক্ষা, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন।”
তিনি বলেন, “সমাজে নারীর অবদান বাড়লেও সেই অনুযায়ী স্বীকৃতি এখনও মিলছে না। নারীর ক্ষমতায়নে নেওয়া উদ্যোগগুলোর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন সম্ভব।”
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “পরিবারের নারী প্রধানদের লক্ষ্য করে ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচি দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।”
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “নারীরা সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ আরো বাড়াতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।”
মন্ত্রী জানান, চিকিৎসা শিক্ষায় নারীদের অংশগ্রহণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। শিক্ষা ও কর্মসংস্থানের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অগ্রগতি তাদের সক্ষমতা ও অংশগ্রহণের ব্যাপক পরিবর্তনেরই প্রতিফলন।
সেমিনারে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারীদের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং এসব উদ্যোগের কার্যকর বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।