ঠাকুরগাঁও প্রতিনিধি || ঠাকুরগাঁওয়ে টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে নিরাপত্তাকর্মী মো. আব্দুর রহমান (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় জুয়েল রানা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জুয়েল রানাকে পুলিশে সোপর্দ করেন তার বাবা আব্দুল খালেক।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে সদর থানা পুলিশ সেনুয়া ব্রিজ এলাকার বউ বাজারে অভিযান চালিয়ে জুয়েল রানাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুর রহমান ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার আলিমুদ্দিনের ছেলে। তিনি সদর উপজেলার চব্বিশ টিউবল এলাকায় টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, নিরাপত্তাকর্মী আব্দুর রহমানকে হত্যার পর জুয়েল রানা বিষয়টি তার মাকে জানায়। পরে জুয়েলের বাবা আব্দুল খালেক বিষয়টি পুলিশকে অবহিত করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গভীর রাতে অভিযান চালিয়ে জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।
এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে সার্ভিসিং সেন্টারের ভেতরে আব্দুর রহমানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।