বিনোদন ডেস্ক || পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দশ দিন সময় কাটিয়ে লন্ডনে ফিরে গেলেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বুধবার (১২ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে জামাতার সঙ্গে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এই অভিনেতা।
ইলিয়াস কাঞ্চনের পুত্র মিরাজুল মঈন জয় গণমাধ্যমকে জানান, আজ সকালে তার ফ্লাইট ছিল, তবে নির্ধারিত সময়ের দুই ঘণ্টার বেশি সময় পর বিমানটি ঢাকা ত্যাগ করে।
দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে ব্রেন টিউমারের চিকিৎসা শেষে গত ৩ আগস্ট বিকেলে দেশে ফিরেছিলেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার পর পরিবার-পরিজন ছাড়াও দীর্ঘদিনের সহকর্মীদের সঙ্গে সময় কাটান। নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) একটি অনুষ্ঠানে অংশ নেন; কাকরাইলে নিসচার কার্যালয়েও যান। বাসায় দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে দেখতে গেলে তাদের সঙ্গেও আড্ডায় মেতে ওঠেন এই তারকা।
ইলিয়াস কাঞ্চনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়ায়। মঙ্গলবার (১১ আগস্ট) নিজের গ্রামের বাড়িতে যান ইলিয়াস কাঞ্চন। গ্রামের মানুষের সঙ্গে দেখা করেন, পূর্বপুরুষদের কবর জিয়ারত করে বেলা ২টার পর ঢাকায় ফেরেন তিনি।
ইলিয়াস কাঞ্চনের পুত্র মিরাজুল মঈন জয় বলেন, “এই কয়েকটা দিন আব্বার দারুণ সময় কেটেছে। তার সহকর্মীরা এসেছেন, মন খুলে তাদের সঙ্গে আড্ডা দিয়েছেন। এই ব্যাপারগুলো আব্বুকে বেশ আনন্দ দিয়েছে। তিনি খুব খুশি হয়েছেন।”
ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন ইলিয়াস কাঞ্চন। সেখানে হাসপাতালের পাশাপাশি মেয়ে ইমা ইসলামের বাসায় থেকেও চিকিৎসা নিয়েছেন। গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারে টিউমারের বড় একটি অংশ অপসারণ করা সম্ভব হলেও ঝুঁকির কারণে পুরো টিউমার সরানো যায়নি। পরবর্তী পরীক্ষায় চিকিৎসকেরা তার ব্রেন ক্যানসার শনাক্ত করেন।
এরপর শুরু হয় দীর্ঘ চিকিৎসাপ্রক্রিয়া। প্রথম ধাপে টানা তিন মাস কেমোথেরাপির পাশাপাশি দ্বিতীয় ধাপে ওরাল থেরাপি দেওয়া হয়। পারিবারিক সূত্র জানায়, সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহের চিকিৎসাকালে তাকে ৬০টিরও বেশি কেমোথেরাপি নিতে হয়েছে। এরপর তিন মাসের প্রথম ধাপের ওরাল থেরাপি শেষে আরো তিন মাস দ্বিতীয় ধাপের ওরাল থেরাপি গ্রহণ করেন। সব মিলিয়ে তিন ধাপে প্রায় একশটি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে।
চিকিৎসকদের বরাত দিয়ে ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মঈন জয় জানান, অস্ত্রোপচারের পর ক্যানসার যে স্থানে ছিল, এখনো সেখানেই রয়েছে। তবে শরীরের অন্য কোথাও তা ছড়িয়ে পড়েনি। চিকিৎসকেরা এটিকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন। এবার লন্ডনে ফিরে ইমিউনোথেরাপির পরবর্তী ধাপ শুরু হবে।