খেলাধুলা ডেস্ক || আগের ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে থাকতে পারেননি। বদলি হয়ে মাঠ ছাড়ার সেই হতাশা এবার জবাব দিলেন গোলেই। ক্রিশ্চিয়ানো রোনালদোর জয়সূচক গোলে ঘুরে দাঁড়িয়ে আল তাউনকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল নাসর। এই গোলে ‘হাজারতম’ গোলের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা। টানা চার জয়ে সৌদি প্রো লিগে নিজেদের নিখুঁত শুরুটাও ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
আল নাসরের ঘরের মাঠ আল-আউয়াল পার্কে শুরুটা অবশ্য ছিল অতিথিদের পক্ষে। ম্যাচের ১১ মিনিটেই বাসাম মোহাম্মদ আল-হুরাইজির গোলে এগিয়ে যায় আল তাউন। পিছিয়ে পড়ে সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ে সামু কস্তার গোলে ১-১ সমতায় ফেরে স্বাগতিকেরা।
বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সেই রোনালদোই। ৫০তম মিনিটে মোহামেদ সিমাকানের নেওয়া শট থেকে বল পেয়ে কাছ থেকে পা ছুঁইয়ে জালে পাঠান পর্তুগিজ মহাতারকা। গোলটি পরে ভিএআর পর্যালোচনাতেও বৈধতা পায়। সেই এক গোলেই নিশ্চিত হয় আল নাসরের ২-১ ব্যবধানের জয়।
এই গোলটি শুধু ম্যাচ জেতানোর গোলই নয়, রোনালদোর ব্যক্তিগত ইতিহাসেও নতুন একটি অধ্যায়। আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০৪টি, যা ক্লাবটির হয়ে প্রতিযোগিতাটিতে সর্বোচ্চ। এত দিন ১০৩ গোল নিয়ে রেকর্ডটি ছিল মোহাম্মদ আল-সাহলাওয়ির দখলে।
আর বড় মাইলফলকটির দিকেও আরও এক ধাপ এগিয়ে গেলেন ৪১ বছর বয়সী রোনালদো। আল তাউনের বিপক্ষে গোলের পর তাঁর পেশাদার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৮টিতে। অর্থাৎ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১,০০০ গোলের মাইলফলক ছুঁতে এখন তাঁর প্রয়োজন আর মাত্র ২২ গোল।
চলতি সৌদি প্রো লিগে এটি রোনালদোর দ্বিতীয় গোল। আর আল নাসরের জন্য চার ম্যাচে চতুর্থ জয়। পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই আছে দলটি। শিরোপা ধরে রাখার মিশনে শুরুটা তাই আপাতত নিখুঁতই।