1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
‘আমাদের সম্পর্ক কবর পর্যন্ত বেঁচে থাকুক’ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

‘আমাদের সম্পর্ক কবর পর্যন্ত বেঁচে থাকুক’

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে
একসঙ্গে ওমর সানী ও মৌসুমী

বিনোদন প্রতিবেদক || ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর দাম্পত্য জীবনের আজ ৩১ বছর পূর্ণ হলো। পর্দার সফল রসায়ন থেকে বাস্তব জীবনে সংসার—দুই ক্ষেত্রেই এই জুটির পথচলা দীর্ঘদিনের। বিবাহবার্ষিকী উপলক্ষে বরাবরের মতো এবারো স্ত্রীকে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন ওমর সানী।

রবিবার (২ আগস্ট) ফেসবুকে একটি ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, “হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত; আমিন।”

ওমর সানীর এই পোস্টে ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা মন্তব্য করে শুভেচ্ছা-ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এতে রিঅ্যাক্ট পড়েছে ৯৩ হাজার। মন্তব্য পড়েছে প্রায় ৬ হাজার। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন—গায়িকা পলি সায়ন্তনী, অভিনেত্রী আইরিন তানি, অভিনেতা সাব্বির আহমেদ প্রমুখ।

ওমর সানী ও মৌসুমীর প্রথম দেখা হয় ১৯৯২ সালে। তখন সদ্য মুক্তি পেয়েছে ওমর সানীর প্রথম সিনেমা, আর মৌসুমীর অভিষেক সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির অপেক্ষায়। সে সময় পরিচালক শেখ নজরুল ইসলাম একটি নতুন সিনেমায় তাদের একসঙ্গে নেওয়ার পরিকল্পনা করেন। সেই সিনেমা নিয়ে আলোচনার জন্য মৌসুমীর বাসায় অনুষ্ঠিত বৈঠকেই প্রথম পরিচয় হয় তাদের। যদিও শেষ পর্যন্ত ব্যস্ততার কারণে সিনেমাটিতে অভিনয় করেননি মৌসুমী।

১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন ওমর সানী ও মৌসুমী। শুটিং চলাকালে দুজনের মধ্যে একসময় মনোমালিন্য তৈরি হয়েছিল। তবে সেই ঘটনার পরই মৌসুমীর প্রতি আলাদা অনুভূতি জন্ম নেয় সানীর। ধীরে ধীরে সেই অনুভূতি রূপ নেয় ভালোবাসায়। কিছুদিনের মধ্যেই মৌসুমীর পক্ষ থেকেও ইতিবাচক সাড়া আসে। ভালোবাসা পরিণয়ে রূপ নেয়। অর্থাৎ ১৯৯৫ সালের ২ আগস্ট, বিবাহবন্ধনে আবদ্ধ হন ওমর সানী ও মৌসুমী। তাদের সংসার আলোকিত করেছে দুই সন্তান—ফারদিন ও ফাইজা।

তবে বিবাহবার্ষিকীতে একসঙ্গে নেই তারকা দম্পতি। কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। ফলে বিশেষ দিনটি পৃথিবীর দুই প্রান্ত থেকে দুজনে উদযাপন করছেন। তবে মুঠোফোনে শুভেচ্ছা ও ভালোবাসা বিনিময়ের মধ্য দিয়েই চলছে এ জুটির ৩১ বছরের দাম্পত্য উদযাপন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT