আন্তর্জাতিক ডেস্ক || মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য তিনি ‘কখনোই ক্ষমা চাইবেন না।’ তিনি যুক্তি দিয়েছেন যে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রচেষ্টায় গ্যাসের উচ্চমূল্য সার্থক হয়েছে।
শুক্রবার নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আপনারা যে পেট্রোলের জন্য সামান্য একটু বেশি দাম দিচ্ছেন, শুধু মনে রাখবেন আপনারা এটা করছেন যাতে একটি অত্যন্ত দুষ্ট দেশ—সত্যি বলতে, যে দেশটি বিশ্বে সন্ত্রাসবাদের এক নম্বর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক— তারা যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। তাই যখন আপনাদের একটু বেশি দাম দিতে হবে, তখন এটা মনে রাখবেন।”
তিনি আমেরিকানদের উপর যুদ্ধের আর্থিক প্রভাবকে লঘু করে দেখিয়েছেন এবং জানিয়েছেন, ইরানের উপর হামলা চালানোর তার সিদ্ধান্তটি ছিল ‘সঠিক।’
তিনি বলেন, “দাম ৪ ডলার। এটা ঠিক আছে। মানে, আমি কখনোই ক্ষমা চাইব না। আমি সঠিক কাজটিই করেছি।”
মাত্র কয়েক ঘণ্টা আগে, হোয়াইট হাউসের বিদায়ী প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, জ্বালানির দাম কম রাখা এবং ইরানের হাতে যেন কখনোই পারমাণবিক অস্ত্র না থাকে তা নিশ্চিত করার লক্ষ্য দুটিই প্রেসিডেন্টের কাছে সমান গুরুত্বপূর্ণ।
শুক্রবার প্রতি গ্যালন সাধারণ জ্বলানির জন্য ত্রিপল ‘এ’ এর জাতীয় গড় মূল্য ছিল ৪ ডলার ৭ সেন্ট, যা এক মাস আগে ছিল ৩ দশমিক ৮৫ ডলার এবং এক বছর আগে ছিল ৩ দশমিক ১৬ ডলার।
যুদ্ধ চলাকালে ট্রাম্প যুক্তি দিয়ে এসেছেন যে, ইরানের হাতে যেন পারমাণবিক অস্ত্র না থাকে তা নিশ্চিত করার জন্য জ্বালানির উচ্চমূল্য একটি সামান্য মূল্য মাত্র। কিন্তু সিএনএন-এর সাম্প্রতিক এক জরিপে, ৭৪ শতাংশ আমেরিকান জানিয়েছেন, আমেরিকানদের জীবনহানি এবং মার্কিন সরকারের ওপর আর্থিক বোঝার তুলনায় এই যুদ্ধটি যুক্তিযুক্ত ছিল না।