ঢামেক প্রতিনিধি || রাজধানীর যাত্রাবাড়ী দ্রুতগতির গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) ভোরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) জুয়েল রানা জানান, খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর বাসপট্টি এলাকায় গিয়ে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে বুধবার ভোরের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আশপাশের লোকজনের মুখে জানতে পেরেছি ওই ব্যক্তিকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
এই পুলিশ কর্মকর্তা বলেন, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।