নিজস্ব প্রতিবেদক || সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে হওয়া মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট সদস্য দেশগুলোর ইচ্ছা ও সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তবে, এ চুক্তিকে বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে বলে সংসদে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা এবং এতে দেশ কীভাবে লাভবান হতে পারে, তা জানতে চান।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশ এই চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে। এটি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার সঙ্গে সম্পর্কিত একটি বিষয়। তবে, বাংলাদেশ এতে যোগ দেবে কি না, তা সদস্য দেশগুলোর ইচ্ছার ওপর নির্ভর করবে।”
সম্প্রতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে মক্কায় একটি চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি দেশের ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
প্রায় এক বছর আলোচনার পর গত ৭ আগস্ট সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চুক্তিতে সই করেন।
চুক্তিটি স্বাক্ষরের পর বাংলাদেশসহ বিভিন্ন দেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে এরই মধ্যে পক্ষে-বিপক্ষে মতও এসেছে। তবে, সরকার বিষয়টি ইতিবাচকভাবে দেখলেও চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত ও সম্মতির ওপর নির্ভর করবে।