রাবি প্রতিনিধি || রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রায় ১০ মাস পেরিয়েছে। এ সময়ে শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি, সেমিনার, প্রশিক্ষণ, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করেছেন নির্বাচিত প্রতিনিধিরা; পাশাপাশি এসব কর্মসূচির বরাদ্দ ও ব্যয় নিয়েও চলছে আলোচনা-সমালোচনা।
রাকসু নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০ মাসে বিভিন্ন পদে থাকা প্রতিনিধিরা নিজ নিজ ক্ষেত্রে বেশ কিছু কার্যক্রম বাস্তবায়ন করেছেন। এর মধ্যে কিছু কর্মসূচি সম্পন্ন হয়েছে, আবার কয়েকটি এখনো চলমান।
রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের হিসাব অনুযায়ী, প্রথম অধিবেশনে এক বছরের কার্যক্রম পরিচালনার জন্য ১ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে রাকসুর ভিপি, জিএস, এজিএস ও বিভিন্ন সম্পাদকদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ মাসে মোট ৯১ লাখ ৫৫ হাজার ৯৩৯ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থের মধ্যে এ পর্যন্ত ৬৩ লাখ ৮৯ হাজার ৭৫৯ টাকা খরচ করেছেন রাকসু নেতারা।
বরাদ্দের অর্থে গত ১০ মাসে কোন প্রতিনিধি কী কী কাজ করেছেন, সে তথ্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন কর্মসূচি পর্যালোচনা করে জানা গেছে।
ভিপির কার্যক্রম
ভিপির উদ্যোগে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট প্রদর্শনী, ‘রান উইথ রাকসু’ এবং জুলাই জাদুঘর স্থাপন করা হয়েছে।
জিএসের কার্যক্রম
জিএসের উদ্যোগে রাকসু ও সিনেট হল প্রতিনিধি সম্মেলন এবং অ্যাডমিশন বুথ স্থাপন করা হয়েছে।
ক্রীড়া সম্পাদকের কার্যক্রম
ক্রীড়া সম্পাদকের উদ্যোগে ভারত-বাংলাদেশ, নেপাল-বাংলাদেশ ও বিপিএলের ম্যাচ প্রদর্শনী, বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের ব্যাগ প্রদান, স্টেডিয়াম এবং ছেলে ও মেয়েদের জিমনেশিয়ামে পানির ফিল্টার স্থাপন, পহেলা বৈশাখে মেঠো খেলা, রাবি খেলোয়াড়দের ট্রাভেল কিট প্রদান এবং আন্তঃহল ক্রিকেট, ভলিবল ও হ্যান্ডবল আয়োজন করা হয়েছে। বিভিন্ন খেলায় বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।
বিতর্ক ও সাহিত্য সম্পাদকের কার্যক্রম
বিতর্ক ও সাহিত্য বিভাগের উদ্যোগে বুদ্ধিজীবী ইবনে গোলাম সামাদ স্মরণে সেমিনার, হাদিকে নিয়ে সেমিনার, ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও রাষ্ট্রভাষা আন্দোলন’ শীর্ষক সেমিনার, স্বাধীনতা দিবস পালন, রাকসু মাসিক পাঠচক্র, ‘শতবর্ষে মুসলিম সাহিত্য, সামাজিক চিন্তার মুক্তি কতদূর’ শীর্ষক সেমিনার, চারটি প্রকাশনা এবং ‘গণজোটের রায় বাস্তবায়নে গড়িমসি’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে।
এছাড়া, ৫ মে শাপলা গণহত্যা দিবসে টেবিল টক, এ কে ফজলুল হকের মৃত্যু দিবসে আলোচনা, নবীন বিতর্ক উৎসব, জুলাই-লেখন প্রতিযোগিতা, ‘সম্বলিত জুলাই; স্মৃতিচারণ ও চোখে আগামীর’ শীর্ষক সেমিনার এবং ‘রাকসু জুলাই সংখ্যা’ প্রকাশ করা হয়েছে।
সংস্কৃতি সম্পাদকের কার্যক্রম
সংস্কৃতি সম্পাদকের উদ্যোগে বিজয় দিবস ২০২৫ উদযাপন, পবিত্র মাহে রমজানকে স্বাগত জানানো, কাওয়ালি সন্ধ্যা, জহির রায়হান স্মরণে সিনেমা প্রদর্শনী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিযোগিতা, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এবং জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি আয়োজন করা হয়েছে।
তথ্য ও গবেষণা সম্পাদকের কার্যক্রম
তথ্য ও গবেষণা বিভাগের উদ্যোগে রাকসু ভবনে ওয়াই-ফাই স্থাপন, এআই নিয়ে সেমিনার, গবেষণা ও উচ্চশিক্ষা নিয়ে সাতটি ওয়েবিনার, প্রি-আইইএলটিএস ও জব রাইটিং কোর্স, পলিটিক্স অ্যান্ড স্পোকেন ইংলিশ কোর্স এবং আন্তর্জাতিক এডুকেশন এক্সপো আয়োজন করা হয়েছে। এর মধ্যে প্রি-আইইএলটিএস ও জব রাইটিং এবং পলিটিক্স অ্যান্ড স্পোকেন ইংলিশ কোর্স চলমান থাকায় এসবের ভাউচার জমা দেওয়া হয়নি। বাকি কার্যক্রমের ভাউচার জমা দেওয়া হয়েছে।
মিডিয়া ও প্রকাশনা সম্পাদকের কার্যক্রম
মিডিয়া ও প্রকাশনা বিভাগের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা, সাংবাদিকদের সম্মানে ইফতার, ফ্যাক্টচেকিং কর্মশালা এবং ফটোগ্রাফি কনটেস্ট আয়োজন করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকের কার্যক্রম
বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে ‘সাইবার থ্রেটস অ্যান্ড ডিজিটাল ডিফেন্স’ সেমিনার, ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্টেড’ প্রোগ্রাম, দিনব্যাপী ‘রাকসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রেজেন্টস ফান্ডামেন্টাল আইটি’ প্রোগ্রাম এবং ছেলে ও মেয়েদের আবাসিক হলগুলোতে সার্ভে প্রোগ্রাম আয়োজন করা হয়েছে।
মহিলা বিষয়ক সম্পাদকের কার্যক্রম
মহিলা বিষয়ক বিভাগের উদ্যোগে নারী উদ্যোক্তা মেলা, মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন ও সেমিনার, ক্যান্সার অ্যাওয়ারনেস সেমিনার এবং বিশ্ব হিজাব দিবসে হিজাব বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এছাড়া, হলগুলোতে ফার্স্ট এইড বক্স, বিপি মেশিন ও ওয়েট মেশিন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের নামাজের অংশে কার্পেট স্থাপন, মহিলা জিমনেশিয়াম, স্টেডিয়াম ও বিএনসিসিতে ফার্স্ট এইড বক্স বিতরণ, নারীদের জন্য ‘নারীর কলমে জুলাই’ স্মৃতি লিখন প্রতিযোগিতা এবং নারী উদ্যোক্তা মেলা ফটো কনটেস্ট আয়োজন করা হয়েছে। ‘নারীর কলমে জুলাই’ স্মৃতি লিখন প্রতিযোগিতাটি চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাতটি একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনও স্থাপন করা হয়েছে।
সমাজকল্যাণ সম্পাদকের কার্যক্রম
সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও মেন্টাল ওয়েলবিয়িং ওয়ার্কশপ, ‘ক্লিন ক্যাম্পাস প্রজেক্ট’ ক্যাম্পেইন, বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান, কোয়ান্টাম ফাউন্ডেশনের সহায়তায় ক্যাম্পাস ও হলগুলোতে মশা নিধন কর্মসূচি, ক্যাম্পাসে খাবার মনিটরিং এবং বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
কোন খাতে কত বরাদ্দ ও উত্তোলন
রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের হিসাব অনুযায়ী, ভিপির দাপ্তরিক খাতে বরাদ্দ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং একই পরিমাণ অর্থ উত্তোলন করা হয়েছে। ভিপির সামগ্রিক খাতে বরাদ্দ ও উত্তোলন হয়েছে ৯ লাখ ৯০ হাজার ৩২৪ টাকা। সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে, এর অর্ধেক অর্থের ভাউচার জমা হয়েছে এবং বাকি অর্থের কাজ চলমান রয়েছে।
জিএসের দাপ্তরিক খাতে বরাদ্দ ও উত্তোলন করা হয়েছে ৩ লাখ ৭০ হাজার টাকা। জিএসের সামগ্রিক খাতে বরাদ্দ ও উত্তোলন হয়েছে ৯ লাখ ২৭ হাজার টাকা। এ ছাড়া এজিএস খাতে ৬০ হাজার টাকা বরাদ্দ ও উত্তোলন করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।
রাকসুর ক্রীড়া বিভাগে বরাদ্দ ১৬ লাখ ৪২ হাজার ৬১০ টাকা হলেও উত্তোলন করা হয়েছে ৭ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা। নথিতে বলা হয়েছে, কার্যক্রম চলমান থাকায় বাকি অর্থের ভাউচার জমা হয়নি।
বিতর্ক ও সাহিত্য বিভাগে বরাদ্দ ১২ লাখ ৫০ হাজার ৭৬৫ টাকা এবং উত্তোলন করা হয়েছে ৭ লাখ ৫২ হাজার ৭৬৫ টাকা। নথি অনুযায়ী, কার্যক্রম চলমান থাকায় বাকি অর্থের ভাউচার জমা হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। শেষ হওয়া কাজের উদ্বৃত্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে।
সংস্কৃতি বিভাগে বরাদ্দ করা হয়েছে ১১ লাখ ৫ হাজার টাকা। এর মধ্যে উত্তোলন করা হয়েছে ১০ লাখ ৮০ হাজার টাকা। এ খাতেও ভাউচার জমা ও উদ্বৃত্ত অর্থ ফেরতের কথা নথিতে উল্লেখ রয়েছে।
মহিলা বিভাগে বরাদ্দ ও উত্তোলন করা হয়েছে ৩ লাখ ৫৩ হাজার ২৭৬ টাকা। তথ্য ও গবেষণা বিভাগে বরাদ্দ ৬ লাখ ৯৬ হাজার টাকা হলেও উত্তোলন করা হয়েছে ২ লাখ ১০ হাজার টাকা। সংশ্লিষ্ট নথিতে কার্যক্রম চলমান এবং শেষ হওয়া কার্যক্রমের উদ্বৃত্ত অর্থ ফেরত দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে বরাদ্দ ও উত্তোলন ২ লাখ ৭ হাজার টাকা, মিডিয়া ও প্রকাশনা বিভাগে বরাদ্দ ৮ লাখ ৩৪ হাজার ৪৪৮ টাকা এবং উত্তোলন ২ লাখ ৮ হাজার ৪৪৮ টাকা, পরিবেশ ও সমাজকল্যাণ বিভাগে বরাদ্দ ও উত্তোলন ৮২ হাজার টাকা এবং কোষাধ্যক্ষ কার্যালয়ে বরাদ্দ ও উত্তোলন ১ লাখ ৫৫ হাজার টাকা বলে নথিতে উল্লেখ রয়েছে।