খেলাধুলা ডেস্ক || বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য প্রশ্নটা এখন বেশ বড়। লেস্টার সিটির জার্সিতে হামজা চৌধুরীর অধ্যায় কি শেষের পথে? দলবদলের বাজারে তাঁকে নিয়ে আগ্রহ ও গুঞ্জনের মধ্যেই এবার কারাবাও কাপের ম্যাচে স্কোয়াডের বাইরে রাখা হলো বাংলাদেশের এই মিডফিল্ডারকে।
ইপসউইচ টাউনের বিপক্ষে মঙ্গলবার লেস্টারের ম্যাচে দলের সঙ্গে ছিলেন না হামজা। ম্যাচ শেষে কোচ রাসেল মার্টিন নিজেই জানালেন, দলবদল নিয়ে অনিশ্চয়তার কারণেই ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারকে খেলানোর ঝুঁকি নেননি তিনি।
মৌসুমের শুরুতে অবশ্য লেস্টারের পরিকল্পনায় ছিলেন হামজা। নটস কাউন্টি ও বার্টন অ্যালবিয়নের বিপক্ষে লিগ ওয়ানের প্রথম দুই ম্যাচেই বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু ইপসউইচের বিপক্ষে হঠাৎ স্কোয়াডের বাইরে রাখা হলো হামজাকে। আর তাতেই উঠে এসেছে দলবদলের গুঞ্জন। হামজাকে দলে নিতে আগ্রহী চ্যাম্পিয়নশিপের ক্লাব ডার্বি কাউন্টি। ১ সেপ্টেম্বর ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে সেই আলোচনা কতটা এগোয়, সেটিই এখন দেখার বিষয়।
লেস্টারের সঙ্গে হামজার সম্পর্ক অবশ্য বহু বছরের। ক্লাবটির একাডেমিতে বেড়ে ওঠা এই মিডফিল্ডার পেশাদার ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই কাটিয়েছেন লেস্টারে। মাঝে বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডে ধারে খেললেও লেস্টারের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর ম্যাচসংখ্যা ১৬৬।
হামজার দলবদলের আগ্রহ বিষয়টি স্বীকার করে লেস্টার কোচ রাসেল মার্টিন বলেছেন, ‘তাকে নিয়ে বেশ ভালোই আগ্রহ রয়েছে। তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি। আমার কাজ হলো যারা থাকবে, তাদের নিয়ে প্রস্তুতি নেওয়া। হামজা যদি শেষ পর্যন্ত থেকে যায়, খুব ভালো। আর যদি চলে যায়, তবে সেটা ক্লাব ও খেলোয়াড়; দুই পক্ষের জন্যই সুবিধাজনক হতে হবে।’
দলবদলের আলোচনা চলার সময় একজন ফুটবলারের মনোযোগে প্রভাব পড়তে পারে—এই কারণেই আপাতত হামজাকে ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত মার্টিনের। হামজাকে নিয়ে সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন লেস্টার কোচ, ‘যে মাত্রায় দলবদলের আলোচনা চলছে, তাতে এই মুহূর্তে আমি তাকে খেলাব না। এর অর্থ এই নয় যে খেলোয়াড় হিসেবে ও খারাপ কিছু করেছে। এক সপ্তাহ পর তারা যদি ক্লাবেই থেকে যায়, তহলে কোনো সমস্যা নেই।’
বর্তমানে লেস্টার খেলছে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানে। অন্যদিকে সম্ভাব্য নতুন ঠিকানা ডার্বি কাউন্টি খেলছে দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে। অর্থাৎ লেস্টার ছাড়লে হামজার সামনে আবারও এক ধাপ ওপরে ওঠার সুযোগ তৈরি হতে পারে।