বগুড়া প্রতিনিধি || বগুড়ার শেরপুরে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঘটনাটি ঘটে।
নিহত জামিল একই ইউনিয়নের শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলছিল। একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি ও বিরোধের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামিল বিবাদ থামাতে মধ্যস্থতা করতে যায়। এ সময় প্রতিপক্ষের শাকিল (২২) নামে এক যুবক অতর্কিত হামলা চালায় এবং লাথি-কিল ও ঘুষি মেরে জামিলকে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, সেখানকার চিকিৎসক জামিলকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন জানান, ময়নাতদন্তসহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি জানান, এ ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।