বিনোদন ডেস্ক || বলিউডের সবচেয়ে সফল চিত্রনাট্যকারদের মধ্যে সেলিম খান ছিলেন অন্যতম। অত্যন্ত সুদর্শন পুরুষ হিসেবেও তার আলাদা আবেদন ছিল। চলচ্চিত্রজগতে প্রবেশের আগেই ভালোবাসার মানুষ সুশীলা চরককে বিয়ে করেন। বিয়ের মাধ্যমে সুশীলা ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর নাম বদলে হয়ে যান—সালমা খান। এই দম্পতির চার সন্তান।
সন্তানদের লালন-পালনে ব্যস্ত সময় পার করতে থাকেন সালমা, আর সেলিম পরিবারের জন্য অর্থ, পরিচিতি ও সাফল্য অর্জনে ব্যস্ত হয়ে পড়েন। একসময় তাদের দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয়। ঠিক সেই সময়ে হেলেন জনপ্রিয় নায়িকা ও নাচের মাধ্যমে আলাদা পরিচিতি লাভ করেন। সেলিম খানও হেলেনের সৌন্দর্যের আকর্ষণ এড়াতে পারেননি। বিভিন্ন সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে।

এক সময় রুপালি পর্দা কাঁপিয়ে বেড়িয়েছেন অভিনেত্রী-নৃত্যশিল্পী হেলেন
বেশ আগে পিঙ্কভিলাকে সাক্ষাৎকার দিয়েছিলেন সেলিম খান। এ আলাপচারিতায় হেলেনের সঙ্গে তার সম্পর্কের কথাও স্মরণ করেন। সেলিম খান বলেছিলেন, “ঠিক কখন আমি তার প্রেমে পড়েছিলাম, কখন তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তা বলতে পারব না। দীর্ঘদিন তাকে দেখার ও জানার পর আমরা আমাদের সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিই। ১৯৮০ সালে আমরা বিয়ে করি।”
সেলিম খানের সঙ্গে সম্পর্কে জড়ানো, বিয়ে—এসব হেলেনের ক্ষেত্রে ছিল ভিন্নরকম প্রেক্ষাপট। কারণ সেলিম খান তখন ছিলেন বিবাহিত এবং চার সন্তানের জনক। এজন্য অপরাধবোধে ভুগতেন। আবার সেলিম খানের কাছ থেকে নিজেকে সরিয়েও রাখতে পারতেন না। বিষয়টি স্বীকার করে হেলেন বলেছিলেন, “সেলিম খানের কাছ থেকে নিজেকে দূরে রাখাও আমার পক্ষে সম্ভব হয়নি।”

ভালোবেসে প্রথম স্ত্রী সালমা খানের সঙ্গে ঘর বাঁধেন সেলিম খান। পরবর্তীতে হেলেনের প্রেমে আসক্ত হয়ে পড়েন এই চিত্রনাট্যকার
বিবাহিত জানার পরও সেলিম খানকে বিয়ের কারণ ব্যাখ্যা করেন হেলেন। এ অভিনেত্রীর ভাষায়, “সেলিম একজন বিবাহিত পুরুষ—এই বিষয় আমাকে খুবই বিচলিত করেছিল। আমি শুরুতে অপরাধবোধেও ভুগতাম। সেলিমের মধ্যে এমন কিছু ছিল, যা তাকে চলচ্চিত্রজগতের অন্য পুরুষদের থেকে আলাদা করে তুলেছিল। আমি তাকে অত্যন্ত সম্মান করতাম। কারণ সে কখনো আমাকে ব্যবহার করার চেষ্টা না করে, আমাকে সাহায্য করার চেষ্টা করেছিল।”
দ্বিতীয় বিয়ের খবর সেলিম খান প্রথম স্ত্রী সালমা খানকে কীভাবে দিয়েছিলেন? এ প্রশ্নের উত্তর জানার আগ্রহ অনেকেরই। ‘অ্যাংরি ইয়াং ম্যান’ ডকু-সিরিজে বিষয়টি জানিয়েছেন সেলিম খান। তিনি বলেন, “আমি যখন তাকে বিষয়টি জানাই, তখন সে হাত মিলিয়ে আমাকে অভিনন্দন জানানোর মতো প্রতিক্রিয়া দেখায়নি। অবশ্যই, আমাদের কিছু সমস্যা হয়েছিল। কিন্তু তা খুব অল্প সময়ের জন্য। এরপর সবকিছুই মেনে নিয়েছিল।”

আরবাজ খান, আলভিরা খান, সোহেল খান ও সালমান খানের সঙ্গে সেলিম খান
সেলিম খান যখন হেলেনকে বিয়ে করেন, তখন পুত্র সালমান খানের বয়স ১৫ বছর। আরবাজ ও সোহেল খানের বয়স যথাক্রমে—১৩ ও ১১ বছর। দ্বিতীয় বিয়ের খবর জানার পর পুত্রদের প্রতিক্রিয়ার বিষয়ে সেলিম খান জানান, ওদের সরাসরি বলেছিলেন—তার জীবনে অন্য আরেকজন রয়েছেন, যাকে তিনি বিয়ে করেছেন। তারা তাদের মাকে যেমন সম্মান করেন, তেমন সম্মানই যেন হেলেনকেও দেওয়া হয়। তবে হেলেনকে তারা এতটা ভালোবাসবে, তা কখনো প্রত্যাশা করেননি বলেও জানান তিনি।

৮৭ বছর বয়েসি হেলেন অভিনয়ে এখন নিয়মিত নন। তবে চলতি বছরে ‘ব্রাউন’ নামে একটি ওয়েব সিরিজে দেখা গেছে তাকে
১৯৫১ সালে চলচ্চিত্রে পা রাখেন অভিনেত্রী হেলেন। বলিউডে পা রাখার ৬ বছর পর প্রযোজক-পরিচালক প্রেম নারায়ণ আরোরাকে বিয়ে করেন। ১৯৭৪ সালে ভেঙে যায় এই সংসার। এরপর সেলিম খানের সঙ্গে পরিচয় হয়। পরবর্তীতে সম্পর্কে জড়ান তারা। ১৯৮০ সালে এ সম্পর্ককে স্বীকৃতি দেন সেলিম-হেলেন। তবে এ সংসারে তাদের কোনো সন্তান নেই।