আন্তর্জাতিক ডেস্ক || জাপানজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে টোকিওর একটি চিড়িয়াখানায় তিনটি সিংহ মারা গেছে। পশ্চিম টোকিওর বিখ্যাত ‘তামা জুওলজিক্যাল পার্ক’-এ মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই ঘটনা ঘটেছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের তথ্যমতে, ৩ থেকে ১৫ বছর বয়সী সিংহগুলোর ময়নাতদন্তে পানিশূন্যতা ও একাধিক অঙ্গ বিকল হওয়ার প্রমাণ পাওয়া গেছে- যা ইঙ্গিত করে অতিরিক্ত গরমই তাদের মৃত্যুর কারণ।
মঙ্গলবার (৪ আগস্ট) চিড়িয়াখানার মুখপাত্র মিওয়া কোসাকা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, “আমরা প্রথমবারের মতো এমন ঘটনার মুখোমুখি হলাম। গত বছরও অনেক গরম ছিল, কিন্তু আমাদের কোনো সিংহ এভাবে অসুস্থ হয়নি।”
জাপানে বর্তমানে ভয়াবহ তাপপ্রবাহ চলছে। দেশটির কিছু শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাওয়ায় দিনগুলোকে ‘নৃশংস গরমের দিন’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।
তামা চিড়িয়াখানার তথ্যমতে, ৩ বছর বয়সী ‘মুগি’ নামের একটি স্ত্রী সিংহের গত ১৯ জুলাই ক্ষুধামন্দা দেখা দেয় এবং পরদিনই সিংহটি দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলে। চিড়িয়াখানার কর্মীরা সিংহটিকে ঠান্ডা রাখার জন্য বাতাস ও পানির ব্যবস্থা করেন এবং পরবর্তীতে স্যালাইন, লিভার টনিক ও ভিটামিন প্রয়োগ করেন। কিন্তু গত ২৮ জুলাই ‘মুগি’ মারা যায়।
এর কয়েকদিন পর ৩১ জুলাই মারা যায় ১১ বছর বয়সী স্ত্রী সিংহ ‘ইচিগো’। আর সর্বশেষ গত রবিবার (২ আগস্ট) মারা যায় ১৫ বছর বয়সী স্ত্রী সিংহ ‘লুয়েনা’।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, তিনটি সিংহের ময়নাতদন্তেই পুরো শরীরে পানিশূন্যতা এবং অঙ্গ বিকল হওয়ার কথা জানা গেছে, যা হিট স্ট্রোক বা অতিরিক্ত গরমের ইঙ্গিত দেয়।
সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, এখনো দুই পুরুষ ও এক স্ত্রী সিংহ- মোট তিনটি সিংহ অসুস্থ এবং দাঁড়াতে পারছে না। চিকিৎসকরা তাদের স্যালাইন, ওষুধ এবং ভিটামিন দিচ্ছেন।
কোসাকা বিবিসি-কে বলেন, “কিছু সিংহের স্বাস্থ্যের কিছুটা উন্নতি দেখা যাচ্ছে।”
তিনি জানান, আরো চারটি সিংহ সুস্থতার লক্ষণ দেখাচ্ছে এবং ৬টি সিংহ শুরু থেকেই সম্পূর্ণ সুস্থ রয়েছে। সুস্থ ও চিকিৎসাধীন সিংহগুলোকে পোর্টেবল এসি এবং শিল্পকাজে ব্যবহৃত বড় ফ্যানসংবলিত স্থানে রাখা হবে।
টোকিও বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিনের অধ্যাপক হিদেয়াকি কারাকি স্থানীয় গণমাধ্যমকে জানান, সিংহ মানুষের মতো ঘেমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না; তারা ঘন ঘন শ্বাস নিয়ে শরীর ঠান্ডা রাখে। কিন্তু বাতাসে আর্দ্রতা খুব বেশি থাকলে সিংহদের শরীরের তাপমাত্রা পর্যাপ্ত পরিমাণে কমতে পারে না।
তিনি আরো যোগ করেন, জুলাইয়ের মাঝামাঝি সময়ে হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি পাওয়াটাও আরেকটি কারণ হতে পারে, যার ফলে প্রাণীগুলো গরমের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পায়নি।
তামা চিড়িয়াখানায় প্রায় ২৬০ প্রজাতির প্রাণী রয়েছে। ১৯৬৪ সালে চিড়িয়াখানাটি চালু হওয়ার পর থেকে সিংহ এখানকার অন্যতম প্রধান আকর্ষণ। চিড়িয়াখানার ওয়েবসাইট অনুযায়ী, সেখানে দর্শনার্থীদের জন্য সাফারি স্টাইলের বাস সার্ভিস রয়েছে, যা দিয়ে দর্শনার্থীরা সিংহের ঘের ঘুরে দেখতে পারেন।
তবে হঠাৎ তীব্র গরমে সিংহ অসুস্থ হয়ে পড়ায় তামা চিড়িয়াখানা কর্তৃপক্ষ গত মাসে তাদের ‘সিংহ প্রদর্শনী’ এবং ‘লায়ন বাস সার্ভিস’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।
জাপানে চলতি গ্রীষ্মে এখন পর্যন্ত হিট স্ট্রোক ও গরমজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে ৪৩ হাজারের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। দেশটির সরকার ইতিমধ্যে তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করেছে ও নাগরিকদের ঠান্ডা থাকার পরামর্শ দিয়েছে। এমনকি অফিসকর্মীদের গরমের হাত থেকে বাঁচতে আনুষ্ঠানিক পোশাকের বদলে হালকা ও আরামদায়ক পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে।